ইত্তেফাক রিপোর্ট
উত্তরা ৭ নম্বর সেক্টরে একটি পার্কের উদ্বোধন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল শনিবার বিকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম এটি উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, সংসদ সদস্য সাহারা খাতুন, প্রকল্প পরিচালক ড. তারিক বিন ইউসুফ, ওয়ার্ড কাউন্সিলর মো. আফছার উদ্দিন খান প্রমুখ।
উদ্বোধনের সময় মেয়র বলেন, ‘শিশু, মহিলা, বয়স্কসহ সর্বস্তরের মানুষের জন্য এ পার্ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এরকম ২৪টি পার্ক পর্যায়ক্রমে উদ্বোধন করা হবে। পার্কে থাকবে একই সঙ্গে খেলার ব্যবস্থাও করা হবে। পার্কে বিদ্যুত্বাতি লাগিয়ে দেওয়া হবে, খেলাধুলা করার জন্য যাতে ব্যবহার করা যায়। এ পার্কের রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব স্থানীয় কমিউনিটিসহ উত্তরা ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতিকে নিতে হবে।
উল্লেখ্য, পার্কটিতে সব বয়সের ব্যবহারকারীদের জন্য বিনোদন ব্যবস্থা, পর্যাপ্ত বসার স্থান, প্রায় ৭৫০ মিটার ওয়াকওয়ে, শিশুদের জন্য একটি স্লিপার, দুটি দোলনাসহ ছোটো পরিসরে ক্রিকেট খেলার স্থান, সম্পূর্ণ আলাদা বাইসাইকেল লেন, রাতের বেলা নিরাপদে হাঁটার জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকবে।
