চালক ও সুপারভাইজার গ্রেফতার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪২

তুরাগে বাসচাপায় সংগীত শিল্পী নিহত

ইত্তেফাক রিপোর্ট

সংগীত শিল্পী ও পরিচালক পারভেজ রবকে যে বাসটি চাপা দিয়েছিল সেটি চালাচ্ছিল সুপারভাইজার আক্তার হোসেন। এ সময় চালক সুমন পাশের সিটে বসেছিল। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার তাদের আদালতে পাঠান হয়।

গত ৫ সেপ্টেম্বর তুরাগের ধউর এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন পারভেজ। বাস রেখে চালক ও সুপারভাইজার পালিয়ে যায়। এর চার দিন পরই পারভেজ রবের ছেলে ইয়াসির আলভী রব এবং ইয়াসিরের বন্ধু মেহেদী হাসানকে চাপা দেয় একই কোম্পানির বাস। আলভী আহত হন এবং মেহেদী নিহত হন। আহত আলভী বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন।

৫ সেপ্টেম্বর পারভেজ রবকে চাপা দেওয়ার পর থেকেই পলাতক ছিল বাসটির চালক সুমন ও সুপারভাইজার আক্তার। পারভেজের নিহতের ঘটনায় তার স্ত্রী রুমা সুলতানা তুরাগ থানায় মামলা করেন। ডিবির উত্তরের টিম আসামিদের ধরতে অভিযান শুরু করে। শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর বাজার এলাকা থেকে সুমনকে এবং শরীয়তপুরের নড়িয়া থানার দিনারা এলাকা থেকে গ্রেফতার করে আক্তারকে।

ডিবির উত্তরের উপ-কমিশনার মশিউর রহমান বলেন, ঘটনার দিন বাসটি চালাচ্ছিল সুপারভাইজার আক্তার। আর চালক সুমন পাশের সিটে বসেছিল। আক্তার বেপরোয়া গতি গাড়ি চালানোর সময় পারভেজ রবকে চাপা দেয়। এতে পারভেজের মৃত্যু হয়।