বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও জাতিসংঘের বিশেষ দূত আসছেন আজ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৩

ইত্তেফাক রিপোর্ট

বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টভিগ শ্যাফার এবং জাতিসংঘ মহাসচিবের সড়ক নিরাপত্তা সম্পর্কিত বিশেষ দূত জিন টড আজ সোমবার দুই দিনের সফরে ঢাকা আসছেন। দেশের সড়ক নিরাপত্তার চ্যালেঞ্জ ও এই খাতের উন্নয়ন নিয়ে তারা নীতি-নির্ধারণী পর্যায়ে আলোচনা করবেন। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুই দিনের সফরকালে তারা অর্থমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীসহ অন্যান্য সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া মঙ্গলবার রাজধানীতে সবার জন্য নিরাপদ সড়ক শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দেবেন।

এ বিষয়ে হার্টভিগ শ্যাফার উল্লেখ করেন, নিরাপদ সড়কব্যবস্থা অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে। শুধু সড়ক দুর্ঘটনার কারণে বিশ্বে যে ক্ষয়ক্ষতি হয় তার পরিমাণ মোট দেশজ উত্পাদনের (জিডিপি) দুই থেকে পাঁচ ভাগের সমান। বাংলাদেশে নিরাপদ সড়কব্যবস্থা তৈরিতে বিশ্বব্যাংক ও জাতিসংঘ যৌথ উদ্যোগে কাজ করার বিষয়টি তিনি স্বাগত জানিয়ে বলেন, এর মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন, দারিদ্র্য হ্রাস এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। বিশ্বব্যাংক এক পরিসংখ্যানে বলেছে, প্রতিবছর বিশ্বে সাড়ে ১৩ লাখ মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হচ্ছে।

শুধু পরিবহন চালকরাই নয়, অযান্ত্রিক যানবাহন এবং পথচারি মিলিয়ে ৫ লাখ মানুষ গুরুতরভাবে আহত হচ্ছে সড়ক দুর্ঘটনায়। দক্ষিণ এশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব হলে এই অঞ্চলে যে অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হবে তার পারিমাণ হবে প্রায় ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলার।