গৃহকে স্বপ্নময় করে তুলবে সাতোরীর লুমীয়ার

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৯:১৪

মাহমুদুল আমিন

 

ঘরই মানুষের স্বপ্নযাপনের কেন্দ্র। ঘরকে ঘিরেই মানুষ লালন করে স্বপ্ন ও সৃজনশীলতা। কল্পনার বাস্তবায়নে ঘর থেকেই প্রতিফলিত হয় মানুষের রুচিবোধ। নান্দনিকতার প্রকাশে ঘর হয়ে ওঠে সুখী গৃহকোণ। এই লক্ষ্যেই ঢাকার প্রথম হোম ডেকর উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করেছিল স্টোর সাতোরী। আর এবার আরও বড় পরিসরে বনানীতে চালু হয়েছে লাক্সারি হোম ডেকরের এক নতুন ঠিকানা—লুমীয়ার। আধুনিক, রুচিশীল ও নান্দনিকতার এক অনন্য বৈশিষ্ট্যে সুসজ্জিত সাতোরীর নতুন ব্রাঞ্চ এই লুমীয়ার।

সাতোরী লুমীয়ারে আছে লিভিং রুমের মৃদু আলোর ঝাড়বাতি ও ক্যান্ডেলের বৈচিত্র্যময় সমাহার। এ ছাড়া রাশি রাশি বাহারি ফুলের সমারোহ, ঘরের দেওয়ালকে নান্দনিক করে তোলার জন্য ওয়াল আর্ট, ওয়াল লাইটিং ও পেইন্টিং—এই সবকিছুর সম্ভার নিয়ে ঢাকা অভিজাত নাগরিক জীবনের সামনে নিজেকে মেলে ধরেছে লুমীয়ার।

বনানীর ২৭ নম্বর রোডের হাউস নম্বর ২১-কে’র ফার্স্ট ফ্লোরে গত ৬ ডিসেম্বর সন্ধ্যায় লুমীয়ারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান। এ সময় উপস্থিত ছিলেন সাতোরীর সিইও শাওন তানভিরসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়াও উপস্থিত ছিলেন দেশের ফ্যাশন ও শোবিজ জগতের তারকারা। ঢাকার আলোকিত সমাজের অনেক সম্মানিত ব্যক্তিদের উপস্থিতি, আড্ডা, মিউজিক্যাল পারফর্ম্যান্স, লুমীয়ার গার্ডেনে সেলফি ও ফটোসেশনের মধ্য দিয়ে প্রথম দিনেই লুমীয়ার হয়ে উঠেছিল সুখী গৃহকোণের স্বপ্নপূরণের হাতছানি।

আশা করা যায় নানাধরনের ঝাড়বাতি, বৈচিত্র্যময় আয়নার সম্ভার, ওয়াল আর্ট, পুষ্পবাহারসহ নানা গৃহসামগ্রী নিয়ে লুমীয়ার এক স্বপ্নজগত্ হয়ে ধরা দেবে ক্রেতাদের কাছে।