চালকের স্বীকারোক্তি
চট্টগ্রাম অফিস
কাভার্ড ভ্যানে মালামালের আড়ালে ইয়াবা পরিবহন করে সীমান্ত এলাকায় নিয়ে যাওয়ার একটি ঘটনার তদন্তে জয়নাল আবেদীন (৪৮) নামের এক কাভার্ড ভ্যানচালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সে চট্টগ্রাম থেকে ইয়াবা সংগ্রহ করে পাচার করত বলে স্বীকারোক্তি দিয়েছে জানায় পুলিশ।
পুলিশ জানায়, গত ২৯ আগস্ট নগরীর দেওয়ান হাট মোড়ে ফ্লাইওভার থেকে নিচে রাস্তায় ফেলে দেওয়া হয় একটি চটের ব্যাগ। পরে ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক ও থানা পুলিশ সদস্যরা ব্যাগ থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ অজ্ঞাত কয়েক জনকে আসামি করে ডবলমুরিং থানায় মামলা করে। মামলার তদন্ত করতে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ শনাক্ত করে একটি কভার্ড ভ্যান থেকে ফেলা হয়েছিল ইয়াবা ভর্তি ব্যাগটি।
ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ জানান, ‘শনাক্তের পর আমরা শুক্রবার রাতে পাহাড়তলীর গ্রিন ভিউ আবাসিক এলাকার রাস্তা থেকে চালকসহ ঢাকা মেট্রো-ট-২২-০১০১ নম্বরের কাভার্ড ভ্যানটি আটক করি। থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদে সে পুরো ঘটনার বর্ণনা দিয়েছে। কাভার্ড ভ্যানে করেই চট্টগ্রাম থেকে ইয়াবা যশোরে নিয়ে যেত জয়নাল। সে গত শনিবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মো. নোমানের আদালতে জবানবন্দি দিয়েছে বলে জানান ওসি সদীপ।’
