মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
মাধবপুর উপজেলার বাঘাসুড়া ইউনিয়নের সড়ক বাজারে এক দোকান থেকে জব্দ করা হয়েছে ভিজিএফের ১১ বস্তা চাল। শনিবার বিকালে গোপন সূত্রের ভিত্তিতে, মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান সড়কের বাজারের মাসুক মিয়ার দোকান থেকে দুস্থ নারীদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা ১১ বস্তা চাল আটক করেন।
সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান জানান, দোকান মালিক মাসুক মিয়াকে পাওয়া যায়নি। আটককৃত চাল বাঘাসুরা ইউনিয়ন পরিষদের সদস্য কামাল মিয়ার জিম্মায় রাখা হয়েছে। দুস্থ নারীদের জন্য বরাদ্দকৃত এ চাল কি করে দোকানে আসল তা তদন্ত করার জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে বলা হয়েছে।
এ বিষয়ে বাঘাসুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন আহম্মেদ জানান, আমি চাল বিতরণে ছিলাম না। কামাল মেম্বার চাল বিতরণের দায়িত্বে ছিল। চালগুলো কীভাবে বাজারে গেল আমার জানা নেই।
