কুষ্টিয়ায় পাঁচ আসামির যাবজ্জীবন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৩

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মাদক মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছর কারাদণ্ড ভোগের আদেশ প্রদান করা হয়। গতকাল রবিবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্তরা হলো, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারি গ্রামের মৃত আহাম্মদ হাওলাদারের ছেলে আলমগীর হোসেন, আকবর আলীর ছেলে সেলিম উদ্দিন, জাহাঙ্গীর হাওলাদারের ছেলে আজিম উদ্দিন, মসলেম খাঁর ছেলে সাইফুল ও আজিজুল হাওলাদারের ছেলে সুফিয়ান। রায় ঘোষণার সময় আসামি আলমগীর ও সেলিম আদালতের কাঠগড়ায় হাজির ছিল। অপর তিন আসামি রয়েছে পলাতক। আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ৫ জানুয়ারি সন্ধ্যায় ভারত-বাংলাদেশ সীমান্তের সাব পিলার নং ৮১/২ এর কাছে বিজিবি টহল দল ফেনসিডিল কারবারিদের ধাওয়া করলে তারা ৫০২ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ফেনসিডিলসহ পাঁচ জনকে আটক করে। এ ঘটনায় ঐ পাঁচ জনের নামে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দণ্ডবিধি ১৯এর (১) ধারায় দৌলতপুর থানায় মামলা দায়ের হয়। তদন্ত শেষে ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি পুলিশ কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে চার্জ গঠন, সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক শেষে মামলাটি প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় প্রদান করেন। রায় ঘোষণার পর আসামিদের কুষ্টিয়া জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন।