ঈশ্বরগঞ্জে ছয় বসতঘর ভস্মীভূত

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৫

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

ঈশ্বরগঞ্জে রবিবার ভোররাতে অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার মগটুলা ইউনিয়নের গৌরীপুর গ্রামের আব্দুল মোমেন শনিবার রাতে গোয়ালঘরে মশার কয়েল জ্বালিয়ে ঘুমাতে যান। রবিবার ভোররাতে গোয়ালঘরে আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজনের চিত্কার শুনে তিনি পরিবার-পরিজন নিয়ে বাইরে বের হয়ে আসেন। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে আব্দুল মোমেনের তিনটি ঘর, প্রতিবেশী শহীদুল্লাহর দুটি ঘর ও আব্দুল হালিমের একটি ঘর, আসবাবপত্র এবং মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।