কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় সরকারি একমাত্র পাট ক্রয়কেন্দ্র ছিল জেটিসি। উপজেলার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নে সাদ্দাম মোড়ের কাছে এর অবস্থান। জেটিসি নাম পরিবর্তন করে এক সময় আদমজী জুট মিল ভূরুঙ্গামারী শাখা হয়েছিল। কিছুদিন ঐ নাম ধারণ করেও প্রতিষ্ঠানটি কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে ন্যায্যমূল্যে পাট ক্রয় করেছিল। পরবর্তী সময়ে আদমজী নাম পরিবর্তন করে ‘লতিফ বাওয়ানী’ নামকরণ হয়। পরিতাপের বিষয়, জেটিসি কখন ব্যক্তি মালিকানায় বিক্রি হয়েছে তা কৃষকদের জানা নেই। প্রতিষ্ঠানটি এখন ব্যক্তি মালিকানাধীন। বর্তমানে এ প্রতিষ্ঠানের সাতাশ শতক জমি পট আকারে বিক্রির জন্য সাইনবোর্ড লাগানো হয়েছে। উপজেলায় দশ ইউনিয়নের হাজার হাজার পাটচাষি এখন পাটের ন্যায্যমূল্য পাচ্ছেন না। স্থানীয় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃষকের কাছ থেকে কম দামে পাট কিনছে এবং দূরের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে ফায়দা লুটছে। পক্ষান্তরে কৃষকরা চরম হতাশায় ভুগছেন ও পাট চাষে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উপজেলার একমাত্র পাট ক্রয়কেন্দ্রটি পুনরায় সরকারের আওতায় আনার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। পাট ক্রয়কেন্দ্রটি চালু রাখলে কৃষক সমাজ উপকৃত হবে।
এস এম গোলাম মোস্তফা
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম
