আটক সবাই এক সময় যুবদল-বিএনপি করত :এইচ টি ইমাম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৮

চলমান ক্যাসিনো-বিরোধী অভিযান

ইত্তেফাক রিপোর্ট

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, চলমান ক্যাসিনো বিরোধী অভিযানে ধরা পড়া সবাই এক সময় যুবদল, বিএনপি, জামায়াত অথবা শিবির করত। গতকাল রবিবার ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সভা পূর্বে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এইচ টি ইমাম বলেন, ইতিমধ্যে যাদের ধরা হয়েছে তারা সবাই অনুপ্রবেশকারী। আপনারা জানেন যে আমাদের দলে দীর্ঘদিন থেকে একটি দাবি উঠছিল যে এই অনুপ্রবেশকারীরা আমাদের ভয়ানক ক্ষতি করছে। তাদেরকে এখন আমরা চিহ্নিত করেছি। চিহ্নিত করে দেখা যাচ্ছে সবাই এক সময় হয় যুবদল করত না হলে বিএনপি করত। না হলে জামায়াত-শিবিরের সদস্য ছিল। কাজেই এদেরকে খুঁজে খুঁজে যেহেতু আমরা বের করে ফেলেছি, এ জন্য তাদের পক্ষ হয়ে এত দিন যারা কাজ করছিল সে লোকগুলো চিহ্নিত হয়ে গেছে। তাদের গাত্রদাহটা ঐখানে। এত দিন যারা মদত দিয়েছে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এখন তো ইনভেস্টিগেশন হচ্ছে, এদেরকে রিমান্ডে দেওয়া হয়েছে। রিমান্ডে তথ্য পাওয়া যাবে। সেই সমস্ত তথ্য নিয়ে বিচার করা হবে যে কার কার কোথায় সম্পৃক্ততা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও বলেছেন এবং আমাদের সাধারণ সম্পাদক বারবার বলেছেন যে, কাউকেই ছাড় দেওয়া হবে না। সে যেই পর্যায়েরই হোক না কেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি এবং অনেকেই সেটি বলেছেন। সেটি হচ্ছে তাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি যে লন্ডনে আয়কর রিটার্ন দিয়েছেন সেখানে নাকি তিনি তার ইনকামের একটি উত্স দেখিয়েছেন যে ক্যাসিনো থেকে তার আয় হচ্ছে। এটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-কমিটির সদস্য ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমীন, সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু প্রমুখ।