বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের ছোটো নেতা, পাতি নেতাদের দাপটে দেশে থাকা দায় হয়ে পড়েছে। বর্তমানে মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে সরকারের পাপের ইতিহাস। তাই অবিলম্বে পদত্যাগ করে নির্বাচন দিয়ে জনগণকে মুক্তি দিন। গত কয়েক দিনের অভিযানে প্রমাণিত হয়েছে যে সরকারের ওপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতিতে জড়িত।
গতকাল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা দলের মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, সরকারের নির্দেশেই তাদের কর্মচারীরা দুর্নীতি করছে। পুলিশ কী করবে? ওপরমহল থেকে যা হুকুম হয়, পুলিশকে তা পালন করতে হয়। ক্ষমতাসীনরা হুকুম দিয়েছে, দেশে যারা গণতন্ত্র চায় তাদের মারো। তাই পুলিশ তাদের মেরে চলেছে।
বিএনপির মহাসচিব আরো বলেন, ‘সব প্রতিষ্ঠান ধ্বংস করে আওয়ামী লীগ স্বৈরশাসন শুরু করেছে। তারা বিচারব্যবস্থাকে নিজেদের কবজায় নিয়েছে। আমরা তাদের বলতে চাই, এখনো আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিন। খালেদা জিয়াকে আইনগতভাবে মুক্তি দিন। আমরা একবারও বলছি না, বিএনপির চেয়ারপারসনকে দয়া করে ছেড়ে দিন। দেশের একজন নাগরিক হিসেবে তার যেটা প্রাপ্য, সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। আমরা কোর্টে যাই জামিনের জন্য। বিচারপতি বক্তব্য শুনে চলে যান। বলেন, ‘পরে আদেশ দেব।’ মানববন্ধনে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ বক্তব্য রাখেন।
