সড়কে ঝরল চার প্রাণ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:১০

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। গত শনিবার ও গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

ভূঞাপুর (টাঙ্গাইল): ভূঞাপুরে যাত্রীবাহী বাস-অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত নারীসহ দুই জন নিহত হয়েছেন। গতকাল ভূঞাপুর-তারাকান্দি সড়কের উপজেলার গারাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত লিয়াকত আলী খান (৫৫) উপজেলার অর্জুনা ইউনিয়নের জগত্পুরা গ্রামের এবং আরেকজন অজ্ঞাত নারী (৫০)।

গোয়ালন্দ (রাজবাড়ী):দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ সাইনবোর্ড এলাকায় গত শনিবার যাত্রীবাহী বাসের সঙ্গে থ্রি-হুইলার মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্র চালক আব্দুস সামাদ শেখ (৫৫) নিহত হয়েছেন। তিনি রাজবাড়ী সদর থানার গৌরীপুর গ্রামের। এ সময় আহত হন মাহেন্দ্র যাত্রী বৃদ্ধা রাশেদা বেগম, কামরুল ইসলাম, হূদয় মন্ডল এবং অজ্ঞাতনামা আরো দুই যুবক।

কমলগঞ্জ (মৌলভীবাজার): কমলগঞ্জে দুটি সিএনজি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইমরান মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন। গতকাল শ্রীমঙ্গল-শমশেরনগর-ব্রাহ্মণবাজার সড়কের কমলগঞ্জ উপজেলার কামুদপুর বাঁক এলাকায় এ দুুর্ঘটনা ঘটে। ইমরান কমলগঞ্জ সদর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের মাসুক মিয়ার ছেলে।