মাধবপুরে ছোটো ভাইয়ের হাতে বড়ো ভাই খুন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:১১

হবিগঞ্জের মাধবপুরে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোটো ভাইয়ের হাতে বড়ো ভাই খুন হয়েছেন। রবিবার দুপুরে উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

স্থানীয়রা জানায়, উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামের হাজী ফজলুল হকের ছেলে এবদাল মিয়ার (৪৫) সঙ্গে তার ছোটো ভাই কামাল মিয়ার জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল। গতকাল  দুপুরে এবদাল মিয়া চৌমুহনী বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে যাবার সময় ছোটো ভাই কামাল মিয়া ও তার লোকজন তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় এবদাল মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক ফারহানা মাইমুন তাকে মৃত ঘোষণা করেন। এবদাল মিয়ার স্ত্রী হারুনা বেগম হাসপাতালে কান্না জড়িত কণ্ঠে  জানান, কামাল মিয়ার সঙ্গে জায়গা-জমি নিয়ে বিরোধ ছিল। তিনি বলেন, আমাদের দুই মেয়ে। এক মেয়ে প্রতিবন্ধী। তাই মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমার স্বামী মেয়েদের নামে সম্পত্তি লিখে দেন। তাই কামাল মিয়া ক্ষিপ্ত হয়। সে আমাদের সম্পত্তি নিয়ে যেতে চেয়েছিল। এবদাল মিয়ার ভাই জামাল মিয়া জানান, জায়গা সম্পত্তি নিয়ে কিছুদিন আগেও সালিশ হয়েছে। সালিশে স্থানীয় ইউপি চেয়ারম্যান আপন মিয়া উপস্থিত থেকে সমাধান করে দেন।