২৪ ঘণ্টায় নতুন ৪৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:৪৩

ঢাকায় ১৩২ জনসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন ৪৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, সেপ্টেম্বর মাসের শুরু থেকেই হাসপাতালগুলোতে নতুন ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা লক্ষণীয়ভাবে কমে এসেছে। গত জানুয়ারি থেকে গতকাল রবিবার পর্যন্ত ডেঙ্গু রোগের চিকিত্সা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৮২ হাজার ৫২৫ জন, যা হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রোগীর সংখ্যার প্রায় ৯৭ শতাংশ। বর্তমানে সারাদেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগে ভর্তিকৃত রোগী আছেন ২ হাজার ৯৯ জন।

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় (২১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নতুন রোগীর সংখ্যা ৪৩০। তাদের মধ্যে রাজধানী ঢাকায় ১৩২ ও ঢাকার বাইরে ২৯৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের সর্বমোট ভর্তিকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা ২ হাজার ৯৯। এরমধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৭৫ ও অন্য বিভাগে ১ হাজার ২২৪ জন। এর পূর্ববর্তী ২৪ ঘণ্টায় (২০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২১ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) রাজধানী ঢাকার ৪১টি হাসপাতালে ১৩৫ ও ঢাকার বাইরের হাসপাতালে ২৭৩ জনসহ সর্বমোট ৪০৮ রোগী হাসপাতালে ভর্তি হন।