বিএনপি নেতা দুদুর বিরুদ্ধে রংপুরে মামলা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:৫১

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা ও হত্যার হুমকির অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে রংপুরের আদালতে মামলা করেছেন অ্যাড. আব্দুস সাত্তার। গতকাল সিনিয়র চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন তিনি। মামলায় বাদী পক্ষের আইনজীবী দুদুর বিরুদ্ধে পরোয়ানা জারির আবেদন  করেন।

অভিযোগে বলা হয়েছে, গত ১৭ সেপ্টেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির টক-শোতে দুদু ঠান্ডা মাথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য দেন। এ বক্তব্যে প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করতে হত্যা করার ষড়যন্ত্র প্রকাশ পেয়েছে। বাদীর আইনজীবী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু বলেন, ‘বিএনপি বঙ্গবন্ধু কন্যাকে হত্যার ছক আঁকছে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মিডিয়াতে তাদের পরিকল্পনার কথা প্রকাশ করেছেন।’