হবিগঞ্জের নবীগঞ্জের বহুল আলোচিত সাংবাদিক জুনাইদ আহমদ হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাছিম রেজার আদালত।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামের বাদশা মিয়া, রাহুল মিয়া ও ফরিদ উদ্দিন। এর মাঝে ফরিদ উদ্দিন লন্ডনে পলাতক রয়েছেন। মামলার অপর আসামি আব্দুল হামিদ বিচার চলাকালে মারা যান। রায় ঘোষণাকালে অপর দুই দণ্ডিত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : ইসির ১৫ কর্মকর্তা-কর্মচারী রোহিঙ্গা ভোটার বানাতে জড়িত
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১০ জুলাই সাংবাদিক জুনাইদ আহমদ নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে জেলা সদরে যান। ওই রাতেই দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশের আলামত নষ্ট করার জন্য শায়েস্তাগঞ্জ রেল লাইনে ফেলে রাখে। পরদিন ১১ জুলাই সকালে সাংবাদিক জুনাইদ আহমদের খণ্ড বিখণ্ড মৃতদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
এ ঘটনায় জুনাইদের ভাই মোজাহিদ আহমদ বাদী হয়ে আদালতে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ৪ জনের বিরুদ্ধেই আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক উল্লেখিত রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল আহাদ ফারুক।
ইত্তেফাক/কেআই
