গণিত
হিমন এডওয়ার্ড গমেজ, প্রভাষক
সেন্ট গ্রেগরিজ হাইস্কুল এন্ড কলেজ, ঢাকা
গুণিতক এবং গুণনীয়ক
প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী বন্ধুরা, আজ গণিত বিষয়ের গুণিতক এবং গুণনীয়ক অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেয়া হলো-
১.গুণনীয়ক কাকে বলে ?
উত্তর : কোনো সংখ্যার গুণনীয়ক হচ্ছে সেই সকল সংখ্যা যেগুলো দ্বারা ঐ সংখ্যাটিকে নিঃশেষে ভাগ করা যায় ।
২.গুণনীয়কের অপর নাম কী ?
উত্তর : গুণনীয়কের অপর নাম উত্পাদক।
৩.গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কাকে বলে?
উত্তর : একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে।
৪.গুণিতক কাকে বলে?
উত্তর : কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা যে সকল সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়, তাদেরকে ঐ নির্দিষ্ট সংখ্যার গুণিতক বলে।
৫.লসাগু কাকে বলে?
উত্তর : একাধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটিকে ঐ নির্দিষ্ট সংখ্যার “লঘিষ্ঠ সাধারণ ‘গুণিতক’ বা লসাগু বলে।
৬.কতগুলো সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গসাগু কত?
উত্তর : গসাগু ১।
৭.মৌলিক সংখ্যা কাকে বলে?
উত্তর : কোনো সংখ্যার গুণনীয়ক যদি ১ এবং ওই সংখ্যা হয়, তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে।
৮.১ মৌলিক সংখ্যা না হওয়ার কারণ কী?
উত্তর : ১ এর একটি মাত্র গুণনীয়ক আছে যা ১।
৯.২৫ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কী কী?
উত্তর : ২৯, ৩১ ও ৩৭।
১০.৫ ও ৭ এর গসাগু কত?
উত্তর : ১।
১১.১৭ ও ১৯ এর গসাগু কত?
উত্তর : ১।
১২.১১ এর গুণনীয়কগুলো কী কী?
উত্তর : ১ ও ১১।
১৩.১৮ এর উত্পাদকগুলো লেখ।
উত্তর : ১, ২, ৩, ৬, ৯ ও ১৮।
১৪.৩ ও ১১ এর লসাগু কত?
উত্তর : ৩৩।
১৫.৬, ১২, ১৮ ও ২৪ এর গসাগু কত?
উত্তর : ৬।
১৬.৬, ১২, ১৮ ও ২৪ এর লসাগু কত?
উত্তর : ৭২।
১৭.৫ এর প্রথম চারটি গুণিতক লেখ।
উত্তর : ৫, ১০, ১৫ ও ২০।
১৮.সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি?
উত্তর : ২।
১৯.৪০টি আম ও ১২০টি লিচু কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
উত্তর : ৪০ জন শিক্ষার্থীর মধ্যে।
২০.৩ ও ৪ এর একটি সাধারণ গুণিতক ১২ হলে এর পরবর্তী সাধারণ গুণিতক কত?
উত্তর : ২৪।
