বন্য শুকর শিকার করতে গিয়ে ছেলের গুলিতে বাবার মৃত্যু ঘটেছে ইতালির সালেরনো প্রদেশে। রবিবার প্রদেশের দক্ষিণাঞ্চলে প্রোস্টিগ্লিওন শহরে অবস্থিত জাতীয় উদ্যানে ভুলবশত এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
উদ্যানে একটি বন্য শুকরকে তাড়া করতে গিয়ে বাবা-ছেলে দুজনে একটি ঝোপের মাঝে এসে আলাদা হয়ে পড়েন। এসময় ঝোপের মধ্যে নড়াচড়া টের পেয়ে হঠাৎ গুলি ছোঁড়েন ৩৪ বছর বয়স্ক যুবক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানে কোন শুকর ছিলো না। ছিলো তার বাবা। গুলিটি তার বাবার তলপেটে আঘাত হানে। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালের চিকিৎসকরা ৫৫ বছর বয়স্ক মার্টিনো গাউদিওসোকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : জি কে শামীম ও খালেদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, জাতীয় উদ্যানে শিকার নিষিদ্ধ ঘোষণা করেছে ইতালির সরকার। পুলিশ তাদের রাইফেলগুলো জব্দ করেছে। রবিবার 'ইতালিয়ান লীগ ফর দ্য ডিফেন্স অব এ্যানিম্যাল' সংস্থার প্রেসিডেন্ট জানান, সাম্প্রতিক সময়ে ইতালি 'বন্য পশ্চিম' এ পরিণত হয়েছে।
গত মাসের শেষের দিকে এরকমই দুটি দুর্ঘটনায় ৫৬ ও ২০ বছর বয়স্ক দুজন মারা যায়। এরপর ১৮ বছরের এক বালকও শিকার করতে গিয়ে একইভাবে মারা গেলে ইতালির পরিবেশমন্ত্রী সার্জিও কস্তা রবিবারে জাতীয় উদ্যানে শিকার করা নিষিদ্ধ ঘোষণার দাবি জানান সরকারের কাছে।
ইত্তেফাক/কেআই
