পিরোজপুর অফিস
পিরোজপুরের মঠবাড়িয়ায় ২য় শ্রেণির এক শিশুকে হত্যার দায়ে ইদ্রিস জোমাদ্দার ওরফে শোহেব (২৪) নামের এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ আদেশ দেন। ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত ইদ্রিস জোমাদ্দার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের আশ্রাফ আলী জোমাদ্দারের ছেলে।
পিরোজপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) খান মো. আলাউদ্দিন ফাঁসির আদেশের বিষয়টি নিশ্চিত করে মামলার বিবরণে জানান, ২০১৪ সালের ২ ডিসেম্বর দুপুরে মঠবাড়িয়া উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের প্রবাসী বাদল জোমাদ্দারের ছেলে ২য় শ্রেণির ছাত্র ফয়সাল মাহমুদ তুহিন (৮) স্কুল থেকে বাড়ি ফিরে জামাকাপড় পালটে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় প্রতিবেশী আশ্রাফ আলী জোমাদ্দারের ছেলে ইদ্রিস জোমাদ্দার ওরফে শোহেব মাছ ধরার কথা বলে তুহিনকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে যায়। এরপর থেকে শিশু তুহিনকে আর খুঁজে পাওয়া যায়নি। ঘটনার ৭ দিন পরে ঐ বছরের ৯ ডিসেম্বর সকাল ১০ টার দিকে তুহিনের অর্ধগলিত লাশ বাগানের মধ্যে থেকে উদ্ধার করা হয়। এ সময় তুহিনের পরনের প্যান্ট খোলা ছিল। তাকে বলাত্কার ও শ্বাসরোধ করে হত্যা করা হয়।
