জামালপুর প্রতিনিধি
জামালপুরের মেলান্দহ উপজেলায় এক ভুয়া দন্ত চিকিত্সককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতে এ দণ্ড দেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামীম আল ইয়ামীন। জামালপুর র্যাব-১৪, সিপিসি-১ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার এ তথ্য নিশ্চিত করে।
জামালপুর র্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে র্যাবের একটি দল উপজেলার গাজীপুর বাজার এলাকায় স্বাধীন মেডিক্যাল হল ফার্মেসিতে অভিযান চালায়। এ সময় র্যাব সদস্যরা ফার্মেসিতে দায়িত্ব পালন করা অবস্থায় মো. শাহজাহান আলীকে আটক করে। সে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঐ দণ্ড দেওয়া হয়।
