ইয়েমেনে সৌদি জোটের হামলায় ৫ জন নিহত

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৭

নিহতরা সবাই বেসামরিক নাগরিক

রয়টার্স ও এএফপি

ইয়েমেনের ওমরান প্রদেশে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় এক পরিবারের পাঁচ বেসামরিক সদস্য নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে হুতি বিদ্রোহীরা। সোমবার সকালে হুতি মালিকানাধীন আল মাসিরাহ টেলিভিশনে এ খবর জানিয়েছে।

সৌদি জোটের বিমান হামলা শুরু হওয়ার পরপরই ঐ পরিবারটি একটি মসজিদে আশ্রয় নিয়েছিল। ঐ মসজিদেই বিমান হামলায় তারা নিহত হন বলে জানিয়েছে হুতিরা। হামলার পর থেকে ঐ পরিবারের আরো দুটি শিশু নিখোঁজ রয়েছে। তাদের খোঁজে মসজিদটির ধ্বংসস্তূপে তল্লাশি চালানো হচ্ছে বলে আল মাসিরাহ টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে।  তাত্ক্ষণিকভাবে সৌদি আরব হামলার বিষয়টি নিশ্চিত করেনি।

হুতি বিদ্রোহীরা রাজধানী সানাসহ ইয়েমেনের অন্যান্য অংশ নিয়ন্ত্রণ করছে। তারা পাঁচ বছর ধরে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। এই জোটবাহিনী আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে। অপরদিকে ইরান হুতি বিদ্রোহীদের সহায়তা করছে বলে ধারণা করা হয়। গত সপ্তাহে সৌদি তেলক্ষেত্রে হুতি বিদ্রোহীরা একের পর এক ড্রোন হামলা চালায়। এতে দেশটির তেল উত্পাদন অর্ধেকে নেমে আসে যা বিশ্ব তেলের বাজারে মারাত্মক প্রভাব ফেলে।

গত শুক্রবার এক হুতি কর্মকর্তা জানান, সৌদি আরব ইয়েমেনের ওপর হামলা চালানো বন্ধ করলে তারাও সৌদি আরবের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো বন্ধ করবে। ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘ দূত সৌদিতে হুতি বিদ্রোহীদের হামলা বন্ধের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছিলেন, এর ফলে বছরের পর বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটতে পারে। জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথস বলেন, হুতিরা এই প্রস্তাব আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করলে তা হবে যুদ্ধ অবসানে একটি কঠোর বার্তা। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে গ্রিফিথস সঙ্ঘাত বন্ধে রাজনৈতিক সমাধানে হুতিদের আগ্রহের প্রশংসা করেন।