বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছেন। গত রবিবার ও গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
নকলা (শেরপুর): শেরপুরে নকলাগামী একটি সিএনজি ও ঢাকা থেকে শেরপুরগামী এফজেড লাইন বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। গতকাল মহাসড়কের নকলা উপজেলার গনপদ্দী বাজারের কাছে চিথলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চালক বিল্লাল হোসেন (৪০), চন্দ্রকোনা এলাকার হাবিবুর রহমান (৫৫) ও অজ্ঞাত এক জন।
বরিশাল:বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে রেদওয়ান (১৮) নামে এক হেলপার নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। রেদওয়ান গোপালগঞ্জ জেলার মোকছেদপুরের ও বরিশাল-মাওয়া রুটের বিএমএফ পরিবহনের হেলপার। গতকাল রহমতপুর পল্লীবিদ্যুত্ সমিতি-২ কার্যালয় সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ:শৈলকুপা উপজেলার ভাটই বাজারে গতকাল ট্রাক ও নসিমনের সংঘর্ষে ফজলু বিশ্বাস (৫৫) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। ফজলু শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামের।
নওগাঁ: নওগাঁয় যাত্রীবাহী হানিফ বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক রবিউল ইসলাম (৩৫) নিহত ও আরো ১০ জন আহত হয়েছেন। গতকাল নওগাঁ সদর উপজেলার ডাক্তারের মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। রবিউল নিয়ামতপুর গ্রামের।
ঠাকুরগাঁও:ঠাকুরগাঁও সদর উপজেলায় সালন্দর ইউনিয়নে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে আনোয়ার হোসেন আনু (৫০) নামে এক হেলপার নিহত হয়েছেন। গতকাল ইউনিয়নের চৌধুরীহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। আনোয়ার হোসেন পঞ্চগড় জেলার জগদল গ্রামের।
