জনস্বাস্থ্যবিষয়ক ছবি প্রতিযোগিতা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:০১

গণ বিশ্ববিদ্যালয় এবং গণস্বাস্থ্য কেন্দ্রের যৌথ উদ্যোগে দ্বিতীয় বারের মতো জনস্বাস্থ্য বিষয়ক ছবি প্রতিযোগিতা ও প্রদশর্নী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবন মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমেরিকার জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হালিদা হানম আক্তার, ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের পরিচালক অধ্যাপক বায়জিদ খুরশীদ রিয়াজ, বাংলাদেশ পাবলিক হেলথ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক শারমিন ইয়াসমিন, প্রতিযোগিতার প্রধান বিচারক বাংলাদেশের প্রথম ফিআপ গোল্ড মেডেলিস্ট হাসান সাইফুদ্দীন চন্দন এবং গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফরিদা আদিব খানম।

অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকার হেলথ পার্টনারস ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক ডেভিড এল পার্কার এবং স্বাগত বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক ডা. মনজুর কাদির আহমেদ।

এরপর ১১৩১টি ছবির মধ্য থেকে বিজয়ী ১০ জন, ১০ জন রানার্স আপকে পুরস্কৃত করা হয়। পরে এক ভিডিও বার্তায় জনস হপকিনস ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক মেরি ডিনার-ওয়েস্ট বিজয়ীদের অভিনন্দন জানান। সবশেষে বিজয়ী ও রানার্স আপদের ২০টি ছবিসহ মোট ৩০টি ছবি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।