পদত্যাগ:মানিকগঞ্জ বিএনপির দুই গ্রুপে উত্তেজনা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:০১

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা বিএনপির সদ্যগঠিত আহ্বায়ক কমিটির ৩৩ সদস্যের মধ্যে সোমবার ১৮ জন পদত্যাগ  করেছেন। এ নিয়ে দুটি উপজেলা এবং একটি পৌরসভার  বিএনপির আহ্বায়ক কমিটি থেকে মোট ৫৮ জন সদস্য পদত্যাগ করলেন। সম্প্রতি জেলা বিএনপির আহ্বায়ক কমিটি কর্তৃক ঘোষিত সাতটি উপজেলা ও দুটি পৌরসভার বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণার পর বিএনপি একাংশের নেতাকর্মীরা ঘোষিত কমিটিকে পকেট কমিটি আখ্যায়িত করে ঐ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন  করেন। এর পরই শিবালয় উপজেলার আহ্বায়ক কমিটি থেকে ২৩ জন, মানিকগঞ্জ পৌরসভার কমিটি থেকে ১৭ জন ও দৌলতপুর কমিটি থেকে ১৮ জন সদস্য পদত্যাগ করল। এনিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আপাতত সংবাদ সম্মেলন করে প্রতিবাদ, কেন্দ্রে অভিযোগ আর পদত্যাগের মধ্যে দ্বন্দ্ব সীমাবদ্ধ থাকলেও যে কোনো সময় সহিংসতার আশঙ্কা করছেন সাধারণ সদস্যরা। 

অনিয়মের মাধ্যমে কমিটি গঠন করার অভিযোগ করে তা বাতিলের দাবি জানাচ্ছে জেলা বিএনপির একটি অংশ। এই অংশের নেতৃত্ব দিচ্ছে যুগ্ম-আহ্বায়ক আজাদ হোসেন খান, তোজাম্মেল হক তোজা, ইকবাল হোসেন, আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন, নাসির উদ্দিন আহম্মেদ যাদু। তাদের পক্ষে অবস্থান নিয়ে গতকাল সোমবার দৌলতপুর উপজেলা কমিটির ৩৩ সদস্যের মধ্যে ১৮ জন সদস্য পদত্যাগ করেন।

সোমবার কমিটি বাতিলের পক্ষের অংশটি জেলা বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সভা থেকে পদত্যাগী নেতাদের ধন্যবাদ জানিয়েছে। তারা আবারও অভিযোগ করেন, জেলা বিএনপির আহ্বায়ক জামিলুর রশিদ, যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান, মোতালেব হোসেন এবং সদস্যসচিব জিন্না কবির অনিয়মের মাধ্যমে নিজেদের লোক দিয়ে এই পকেট কমিটি গঠন করেছেন। ঐ পকেট কমিটি তারা বাতিলের দাবি জানান।

অপর দিকে মানিকগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক জামিলুর রশিদ, যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান ও মোতালেব হোসেন গতকাল সোমবার মানিকগঞ্জ প্রেসক্লাবে এসে সাংবাদিকদের জানান, যারা ঘোষিত আহ্বায়ক কমিটিকে পকেট কমিটি বলে অভিহিত করছেন তারা এলে সত্য বলেনি। সকল ধরনের নিয়ম মেনেই আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়ক এবং সদস্যসচিবের মতামত নিয়ে কমিটি গঠন করা হয়েছে।

পালটা অভিযোগ করে তারা বলেন, হাতেগোনা দু-একজন ষড়যন্ত্র করে বৈধ কমিটিকে অবৈধ করার চেষ্টা করছে। ভয় দেখিয়ে এবং ভুল বুঝিয়ে হাতেগোনা কয়েক জনকে পদত্যাগ করিয়েছে। কমিটি গঠনে যে সব সদস্য স্বাক্ষর করেছেন তাদের নাম  পরবর্তীতে সংবাদ সম্মেলনে জানানো হবে।