নবাবগঞ্জে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধ সমাবেশ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৩

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক জনসচেতনতামূলক সমাবেশ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে অনুষ্ঠানে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।

তিনি বলেন, মানসম্মত শিক্ষা যদি নিশ্চিত করা যায় তাহলে হয়তো সমাজ থেকে এসব সমস্যা দূর হবে। শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, তোমরা প্রতিদিন একটা ভালো কাজ করবে। ২০৪১ সালে উন্নত বাংলাদেশে তোমরাও হবে উন্নত। তখন দেশে মাদক সন্ত্রাস বাল্যবিবাহ জঙ্গি থাকবে না। এর আগে সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক নবাবগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন—ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) সুব্রত সরকার শুভ, নবাবগঞ্জ থানার ওসি মো. মোস্তফা কামাল, সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আনোয়ার হোসেন প্রমুখ। পরে প্রধান অতিথি কলেজের শ্রেণিকক্ষের সিসি ক্যামেরা, শিক্ষকদের ডিজিটাল হাজিরা যন্ত্র ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন।