আলজেরিয়ার পশ্চিমাঞ্চলে উদ সউফ শহরের একটি হাসপাতালে আগুন লেগে ৮ নবজাতকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার আনুমানিক বিকাল ৪টায় হাসপাতালের মাতৃসদন বিভাগে আগুন লাগার ফলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দেশটির সিভিল প্রতিরক্ষা বিভাগের দেয়া তথ্যমতে, মৃত নবজাতদের মধ্যে ৩ জন পুড়ে এবং বাকি ৫ জন দম বন্ধ হয়ে মারা গেছে।
প্রায় ১২টি অগ্নিনির্বাপক যন্ত্রের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয় হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাস্থল থেকে ১১ জন নবজাতকসহ ১০৭ জন নারী ও ২৮ জন কর্মীকে উদ্ধার করা গেছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের মুখপাত্র ক্যাপ্টেন নাসিম বারনুই।
এ দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে বারনুই বলেন, 'দূর্ভাগ্যক্রমে আমরা ৮ জন নবজাতককে হারিয়েছি। কয়েকজন পুড়ে মারা গেছে, কয়েকজন দম বন্ধ হয়ে। আমরা গভীরভাবে শোকাহত।'
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আলজেরিয়ার প্রধানমন্ত্রী নুরেদ্দিন বেদুই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সাথে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মেদ মিরাউইকে ঘটনাস্থল পরিদর্শনে হাসপাতালটিতে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: যৌতুক না দেওয়ায় গৃহবধূ হত্যার অভিযোগ
গত বছরও একই হাসপাতালে এরকমই আরেকটি আগুন লাগার ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রয়টার্স, এএফপি
ইত্তেফাক/মিশু
