‘সম্প্রীতি বাংলাদেশ’ এর জাতীয় আহ্বায়ক কমিটি ঘোষণা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৭

বঙ্গবন্ধুর স্বপ্নের  অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়ে বছরব্যাপী কর্মসূচি 

ইত্তেফাক রিপোর্ট

নাট্যজন পীযূষ বন্দ্যোপাধ্যায়কে আহ্বায়ক ও অধ্যাপক ডা. মামুন-আল মাহতাব স্বপ্নীলকে সদস্য সচিব করে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা নিয়ে গড়ে ওঠা সামাজিক সংগঠন ‘সম্প্রীতি বাংলাদেশ’-এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা করা হয়। ১২ জন উপদেষ্টা ও ৭৯ জন নির্বাহী সদস্যের এই কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসাবে আছেন অ্যারোমা দত্ত এমপি, মেজর জেনারেল মোহাম্মদ আলি শিকদার (অব), মো. নাসির উদ্দিন আহমেদ, মেজর জেনারেল (অব)  জন গোমেজ ও ডা. উত্তম কুমার বড়ুয়া।  উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, শহিদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, অধ্যাপক আবদুল মান্নান, শুদ্ধানন্দ মহাথেরো, মওলানা ফরিদ উদ্দিন মাসউদ, মাহফুজা খানম, ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, শফিকুর রহমান এমপি, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ড. আতিউর রহমান, প্রফেসর কামরুল হাসান খান, রামেন্দু মজুমদার, খায়রুল মজিদ মাহমুদ।

আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় লিখিত বক্তব্য বলেন, ধর্মনিরপেক্ষ চেতনার জাগরণের মাধ্যমে বিভাজন দূর করার প্রত্যয় নিয়ে ২০১৮ সালের ৭ জুলাই আত্মপ্রকাশ করে সম্প্রীতি বাংলাদেশ। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায়  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের  অসাম্প্রদায়িক  ধর্মনিরপেক্ষ  উদার গণতান্ত্রিক  ও মানবিক দেশ গড়ার বার্তা সারাদেশে পৌঁছে দিতে বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে ‘সম্প্রীতি বাংলাদেশ’। আগামী বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে পালিতব্য ‘মুজিববর্ষ’কে সামনে রেখে সম্প্রীতি বাংলাদেশ গত ২ জুলাই ঢাকা থেকে ‘শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচি শুরু হয়েছে। তারই অংশ হিসাবে রাজধানীতে চারটিসহ জেলা-উপজেলা পর্যায়ে  সভা-সমাবেশ-মতবিনিময় অনুষ্ঠান করা হয়েছে। এছাড়া জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সম্প্রতি  গোপালগঞ্জে তিনটি, বাগেরহাটে তিনটি ও রাজশাহীতে চারটি আলোচনা সভা করেছে সম্প্রীতি বাংলাদেশ।