স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল ৫০০ শয্যা থেকে ১ হাজার ২০০ শয্যায় উন্নীত করা হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসন অধিশাখা থেকে এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে। এর ফলে বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো। ১ হাজার ২০০ শয্যার হাসপাতালের প্রয়োজনীয় লোকবল নিয়োগের পর পূর্ণাঙ্গভাবে চিকিত্সাসেবা পাবে রোগীরা।
গত সোমবার এ সংক্রান্ত কাগজপত্র কলেজে এসেছে। গতকাল মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. রেজাউল আলম জুয়েল জানান, ১৯৯৮ সালে ২৫০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতালে প্রথম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের যাত্রা শুরু হয়। এরপর মেডিক্যাল কলেজ ও হাসাপাতাল নতুন করে অবকাঠামো নির্মাণের পর ২০০৬ সালে ৫০০ শয্যাবিশিষ্ট শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল শহরের অদূরে ছিলিমপুরে স্থানান্তর করা হয়।
