ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
ফরিদগঞ্জ-কালিরবাজার এলজিইডির সড়কটি নির্মাণের খুব কম সময়ের মধ্যেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ার উপক্রম হয়েছে। উপজেলা সদরের পশ্চিমমাথা থেকে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মুখ অংশ ও লিংরোড অংশ পুরোটাই নির্মাণের কয়েক মাসের মধ্যেই ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। ঐ পথে চলাচল করতে চরম বেকায়দায় পড়তে হয় লোকজনের। যানবাহন নিয়ে চলাচল আরো ঝুঁকিপূর্ণ। তাছাড়া ছোটোখাটো দুর্ঘটনা প্রায়ই ঘটছে।
এলাকাবাসী লেয়াকত পাটওয়ারী, আ. রহিম, দিলিপ কুমার দাস, পরেশ দাস, লিটন জানান, সড়কটি মেরামতের পর তিন মাসের মধ্যেই কার্পেটিং উঠে যায়।
উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার জানান, ফরিদগঞ্জ-কালিরবাজার সড়কটি ৫.২ কিলোমিটার। ৮০ লাখ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় তিন বছর আগে সড়কের কাজ করে। দুই পাশে বাড়িঘর নির্মাণ করায় পানি জমে অল্প সময়ের মধ্যে সড়কটি নষ্ট হচ্ছে। সড়কের ঐ অংশে আরসিসি করে মেরামত কাজের প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন ও বরাদ্দ পেলে মেরামত করা হবে।
