মেলান্দহ আওয়ামী লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১২

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২১:৩৯

জামালপুরের মেলান্দহে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় কমপক্ষে ১২ জন আহত হয়েছে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। ১০ডিসেম্বর দুপুর ১২টার দিকে দুরমুঠের হযরত শাহ্কামাল (রহ) এর মাজার এলাকায় ঘটনাটি ঘটে। মেলান্দহ বিএনপির সভাপতি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল নেতা-কর্মীদের নিয়ে হযরত শাহ্কামাল (রহ) এর মাজার শরীফ জেয়ারতে গেলে হট্টগোলের সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত: ১০/১২জন আহত হয়।

দুরমুঠ ইউপি চেয়ারম্যান সৈয়দ-আওয়ামী লীগ নেতা সৈয়দ খালেকুজ্জামান জুবেরী জানান, বাবুল বিএনপির বহর নিয়ে দুরমুঠ এলাকায় প্রবেশ করে। এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সৈয়দ তৌহিদুল ইসলাম এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমরানের উপর হামলা চালিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, 'আমার প্রার্থীতা চুড়ান্ত হবার পর হযরত শাহ্কামাল (রহ) মাজার শরীফ জেয়ারতে যাই। এ সময় পিছন থেকে আওয়ামী লীগের ক্যাডাররা হামলা চালিয়ে কমপক্ষে ১০জনকে আহত করেছে। পরে স্থানীয়দের সহায়তায় মাজার জিয়ারত শেষ করে চলে আসি। এ ব্যাপারে প্রশাসনকে অবহিত করেছি।'

ডিউটি অফিসার এসআই মর্জিনা খাতুন বলেন, 'এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ মোতায়েন আছে।'

মোস্তাফিজুর রহমান বাবুল জানিয়েছেন, 'এ ঘটনায় বিএনপি কর্মী সাহেব আলী মেম্বার, আ: মোতালেব, দুরমুঠ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন মেম্বার, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক হযরত আলী, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল হক এবং ইউনিয়ন যুবদলের আহবায়ক হেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।'

আরও পড়ুনঃ ৩ টিতে ‘নৌকা’ ২০ টিতে ‘কুলা’ প্রতীকে বিকল্পধারাসহ যুক্তফ্রন্ট

এদিকে দুরমুঠে আওয়ামী লীগের কর্মীদের ওপর বিএনপির হামলার প্রতিবাদে সন্ধ্যা ৬টায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মেলান্দহ বাজারে বিক্ষোভ মিছিল বের করে। 

ইত্তেফাক/নূহু