তিতাস (কুমিল্লা) সংবাদদাতা
তিতাসে গত সোমবার রাতে জনতা ব্যাংকের ম্যানেজারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তার নাম জসিম উদ্দিন মোল্লা।
আহতের ছোটো ভাই বাহাউদ্দিন মোল্লা বলেন, ‘আমার বড়ো ভাই জসিম উদ্দিন মোল্লা বর্তমানে সুন্দলপুর জনতা ব্যাংক শাখার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘটনার সময় তিনি আমাদের দড়িকান্দির নিজস্ব বাড়ি থেকে ভাড়া বাসা গাজীপুরে যাওয়ার পথে একই গ্রামের আমাদের প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এ সময় তারা তাকে রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে মাথার পেছনের তিন দিকে জখম করে এবং রড দিয়ে পিটিয়ে ডান পায়ের হাড় ভেঙে ফেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিত্সক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।’
তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম জানান, এ ঘটনায় আহতের ভাই বাদী হয়ে ১২ জনকে আসামি করে গতকাল মঙ্গলবার সকালে অভিযোগ দাখিল করেছেন। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের তত্পরতা অব্যাহত আছে।
