ট্রেনের নিচে পড়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৭

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শিবপুর এলাকায় ট্রেনের নিচে পড়ে মো. শহীদুল্লাহ (৮৫) নামের এক ব্যক্তি মারা গেছে। মঙ্গলবার সকালে লাকসাম-চাঁদপুর রেলপথের শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর রেলওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, শহীদুল্লাহ ভোর বেলায় হাঁটার জন্য বাড়ি থেকে বের হন। শিবপুর এলাকায় রেলপথ পার হওয়ার সময় চাঁদপুর থেকে ছেড়ে আসা আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই শহীদুল্লাহ মারা যান। পরে স্থানীয় ব্যক্তিরা তার পরিবারের সদস্যদের খবরটি জানায়।