বাংলাদেশ-ভারত সম্পর্কের সোনালি অধ্যায় চলছে ------রীভা গাঙ্গুলি দাশ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৫

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেছেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক খুব ঘনিষ্ঠ। ভবিষ্যতে এই সম্পর্ক আরো গভীর হবে। বাংলাদেশ-ভারত সম্পর্কের সোনালি অধ্যায় চলছে। গতকাল মঙ্গলবার দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার দীপ্ত জীবন ফাউন্ডেশনের দুস্থদের মধ্যে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসন্ন শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশ-ভারতের সম্পর্ক যাতে আরো গভীর হয়, সে লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে।’ বাংলাদেশ হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি, ভারতীয় হাইকমিশনারের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) নবনিতা চক্রবর্তী, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক জয়নুল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু প্রমুখ।

তিনি আরো বলেন, ১৯৬৫ সালের আগে দুই দেশের (তত্কালীন ভারত ও পূর্ব পাকিস্তান) মধ্যে যেসব স্থান দিয়ে রেলযোগাযোগ চালু ছিল, সেসব স্থান দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আবার রেলযোগাযোগ চালু হবে। এর অংশ হিসেবে ইতিমধ্যেই বাংলাদেশের চিলাহাটি থেকে ভারতের দার্জিলিং পর্যন্ত ট্রেন চলাচলের প্রক্রিয়া শুরু হয়েছে।

এর আগে দুপুরে রীভা গাঙ্গুুলি দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহ্যবাহী নয়াবাদ মসজিদ পরিদর্শন শেষে ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শন করেন। পরে সাঁওতাল বিদ্রোহ ও তেভাগা আন্দোলনের বিপ্লবীদের স্মরণে স্মারক ভাস্কর্য তেভাগা চত্বর পরিদর্শন করেন তিনি।