রোহিঙ্গাদের আস্থায় রেখে প্রত্যাবাসনে উদ্বুদ্ধ করতে হবে

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৬

নিরাপত্তা বিশ্লেষক ও কূটনীতিক মেজর (অব) এমদাদুল ইসলাম বলেছেন, রোহিঙ্গা সমস্যার সমাধান হবে এবং রোহিঙ্গারা ফেরত যাবে। সরকার এ লক্ষ্যে কাজ করছে। চীনের মধ্যস্থতায় এ সমস্যার সমাধানে অগ্রগতি হচ্ছে। তাই রোহিঙ্গাদের আস্থায় রেখে তাদের প্রত্যাবাসনে উদ্বুদ্ধ করতে হবে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের সাদার্ন বিশ্ববিদ্যালয়ের মেহেদিবাগ ক্যাম্পাসের কনফারেন্স হলে ‘রোহিঙ্গা সমস্যা : সমাধান কতদূর’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

মুষ্টিমেয় কিছু দুষ্কৃতকারী ছাড়া অধিকাংশ রোহিঙ্গাই শান্তিপ্রিয় উল্লেখ করে তাদের বিষয়ে প্রচার-প্রচারণায় এ বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।

এমদাদুল ইসলাম জানান, এ সমস্যার সমাধানে সরকারের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকায় তিনি অগ্রগতি সম্পর্কে অবহিত আছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনের পাশাপাশি এ বিষয়ে চীনের মধ্যস্থতায় বাংলাদেশ ও মিয়ানমারের বৈঠক হয়েছে। যাতে দুইপক্ষ একটি কার্যকর সমাধানের দিকে অগ্রসর হচ্ছে।

সাদার্ন বিশ্ববিদ্যালয়ের সহ-প্রতিষ্ঠাতা অধ্যাপক ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গোলটেবিল আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোহসিন উল হাকিম, লেখক ও গবেষক ড. মোহাম্মদ মাসুম চৌধুরী, মাসিক দখিনার ব্যবস্থাপনা সম্পাদক মুসফিক হোসাইন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য আজহার মাহমুদের সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় ধারণাপত্র পেশ করেন সিনিয়র সাংবাদিক রেডিও টুডের ব্যুরোপ্রধান সালেহ নোমান। আলোচনায় অভিজ্ঞতা বিনিময় করেন দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার এস এম রানা, বিজনেস স্ট্যান্ডার্ড এর ব্যুরোপ্রধান শামসুদ্দিন ইলিয়াস, যমুনা টিভির স্টাফ রিপোর্টার এইচ এম জিয়াদ, বাংলাট্রিবিউনের ব্যুরোপ্রধান হুমায়ুন মাসুদ।

সেমিনারে বক্তারা বলেন, রোহিঙ্গাদের কারণে বাংলাদেশ যেমন ঝুঁকিতে আছে তেমনি আঞ্চলিক ঝুঁকিও ক্রমান্বয়ে বাড়ছে। তাই খুব সতর্কতার সঙ্গে এ সমস্যার সমাধানে কাজ করতে হবে। ২০১৭ সালে সংকটের সময় রোহিঙ্গাদের প্রতি যে মানবিক আচরণ করা হয়েছে তা অক্ষুণ্ন্ন রেখেই এ সমস্যা সমাধান করতে হবে। পাশাপাশি যেসব রোহিঙ্গা অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নিরপরাধ কেউ যাতে শাস্তি না পায় সেদিকে খেয়াল রাখার পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে কে কী করছে তার পূর্ণাঙ্গ খবর রাখাও জরুরি। গোলটেবিল আলোচনার সহআয়োজক ছিল হিউম্যান ২৪ ডট নেট ও মাসিক দখিনা।