গাজীপুরের টঙ্গীর তিস্তারগেট এলাকায় র্যাব-১ এর সদস্যরা অভিযান চালিয়ে জাহিদুল হক রিমন (৩৭) ও কায়সার হোসেন রকি (৩৫) নামে দুই জঙ্গিকে আটক করেছে। গত সোমবার রাত সাড়ে ১২টায় তিস্তার গেট তিন কন্যা হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের রুম তল্লাশি করে বিভিন্ন ধরনের জিহাদি বই উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, পাবনা জেলা সদর থানার রামগোপালপুর এলাকার মৃত আব্দুল হকের ছেলে জাহিদুল হক রিমন ও কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার দেবপুর গ্রামের আবুল কালামের ছেলে কায়সার হোসেন রকি।
টঙ্গী পূর্ব থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-১ এর একটি দল তিস্তার গেট এলাকায় অভিযান চালিয়ে তিন কন্যা হোটেলের সামনে থেকে রিমন ও রকিকে গ্রেফতার করে। টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন জানান, এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
