শেখ হাসিনার ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারপ্রাপ্তিতে অভিনন্দন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মর্যাদাপূর্ণ ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারপ্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে এ অভিনন্দন জানান। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিশুদের টিকাদান কর্মসূচিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোমবার জাতিসংঘে ‘গ্যাভি-দ্যা ভ্যাকসিন অ্যালায়েন্স’-এর চেয়ারম্যান  ড. এনগোজি অকোনজো ইবিলা পুরস্কারটি তুলে দেন।

এই পুরস্কারপ্রাপ্তিতে অভিনন্দন জানিয়ে দেওয়া বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শুধু উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্যই কাজ করে যাচ্ছেন তা নয়, একইভাবে তিনি দেশের জন্য উন্নত, স্বাস্থ্যকর নাগরিক সৃষ্টির লক্ষ্যেও নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। এ কারণেই বর্তমান সরকার একটি যুগোপযোগী, আধুনিক স্বাস্থ্যনীতি প্রণয়ন করেছে এবং এই নীতির আওতায় দেশের সব শিশুদের জন্য শতভাগ টিকাদান কর্মসূচি সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে। তিনি বলেন, এতে বাংলাদেশে আজ মা ও শিশু মৃত্যুহার উল্লেখ্যভাবে হ্রাস পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মর্যাদাপূর্ণ ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারপ্রাপ্তি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার অব্যাহত অগ্রগতির প্রতিফলন। গতকাল আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে ভ্যাকসিনেশন হিরো পুরস্কারে ভূষিত হওয়ায় যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুবলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়া এক বিবৃতিতে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।