আটক ব্রিটিশ জাহাজকে ছেড়ে দিয়েছে ইরান

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩৮

ইরানের বন্দর আব্বাসে দুই মাসেরও বেশি সময় ধরে আটক থাকা ব্রিটিশ পতাকাবাহী তেল ট্যাংকারটি ছেড়ে দিয়েছে ইরান।বিশেষায়িত একটি শিপিং ওয়েবসাইট মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে।
 
আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে গত ১৯ জুলাই হরমুজ প্রণালী থেকে ইরানের ইসলামিক রিভ্যুলিশনারী গার্ড ‘স্টিনা ইম্পারো’ নামে সুইডিশ মালিকানাধীন ওই জাহাজটি আটক করে বন্দর আব্বাসে নিয়ে যায়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা তখন দাবি করেছিলো, ‘জাহাজটির সঙ্গে মাছধরা নৌকার সংঘর্ষ হয়েছিল। এরপর জাহাজটি থামতে বলা হলেও তা থামেনি।’

ইরান সরকারের মুখপাত্র আলী রাবিই জানিয়েছেন, ‘আইনি প্রক্রিয়া সব শেষ। সুইডিশ মালিকানাধীন জাহাজটি ছেড়ে দেওয়া হয়েছে।’

আরও পড়ুন: তিনি ২ ঘণ্টাতেই পারতেন, পারতেন ৫ মিনিটেই

এদিকে ইরানের ব্রিটিশ এই জাহাজ আটকের ঘটনাকে প্রতিশোধ হিসেবে দেখছে ব্রিটিশ সরকার। কারণ, এর আগে সিরিয়ায় তেল সরবরাহ করছে, এই সন্দেহে জিব্রাল্টার থেকে ইরানের একটি জাহাজ আটক করেছিল ব্রিটেন। শেষ পর্যন্ত জিব্রাল্টার আদালত ইরানের তেলবাহী জাহাজটিকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়।

তবে প্রতিশোধের এই অভিযোগ অস্বীকার করেছে ইরান সরকার।

বাসস

ইত্তেফাক/মিশু