সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক বাস শ্রমিক নিহত হয়েছেন। তার নাম মেহেদি হাসান (২২)। তিনি বাসের হেলপার ছিলেন। সাতক্ষীরা শহরের বাঙালের মোড়ে নিজের গাড়ির যাত্রী নামাতে গিয়ে নিজেই চলন্ত ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন। নিহত মেহেদি হাসান সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামের কামরুল ইসলামের ছেলে।
তবে এই ঘটনায় মেহেদি হাসানকে যথাসময়ে চিকিৎসা দেওয়া হয়নি এই অভিযোগ এনে বিক্ষুব্ধ শ্রমিকরা সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক কর্মচারীদের ওপর চড়াও হয়। পরে তারা সড়ক অবরোধ করে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ করে দেয়। বুধবার সকালে শহরের বাঙ্গালের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি কালিগঞ্জের দিক থেকে সাতক্ষীরার দিকে আসছিলো। শহরের বাঙ্গালের মোড়ে যাত্রী নামাতে হেলপার মেহেদি হাসান (২৬) নিচে নেমে আসেন। এ সময় বিপরীত থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক (সাতক্ষীরা-শ-১১-০০২৩) তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। আহত মেহেদিকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর মারা যান তিনি।
শ্রমিকদের অভিযোগ তাকে যথাসময়ে চিকিৎসা না দেওয়ায় রক্তক্ষরণে মারা যান তিনি। এর প্রতিবাদে শ্রমিকরা প্রথমে হাসপাতালের ডাক্তার ও কর্মচারীদের ওপর চড়াও হয়। পরে তারা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। প্রায় এক ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: কোটালীপাড়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নিহত মেহেদির লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু
