র ফি কু ল ই স লা ম
শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ঝিলিক এখন ব্যস্ত রয়েছেন টিভি শো নিয়ে। ২০০৮ সালে চ্যালেন আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আলোর দ্যুতি ছড়ান সংগীতাঙ্গনে। নিজস্ব গায়কী দিয়ে জয় করেছেন অসংখ্য শ্রোতা-দর্শকের মন।
আধুনিক, ক্লাসিক্যাল, নজরুলসংগীতসহ সব ধরনের গানই করেন তিনি। এ পর্যন্ত তার একক ২টি ও মিক্সড ৮টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। গানের পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাচ্ছেন তিনি। বর্তমানে বিবিএতে পড়ছেন এই গায়িকা। সংগীতে তার আদর্শ সংগীতজগতের আইকন রুনা লায়লা। চ্যানেল আই সেরাকণ্ঠ ছাড়াও বিটিভির নতুন কুড়িতে পুরস্কৃত হয়েছেন এ কণ্ঠশিল্পী।
সাম্প্র্রতিক ব্যস্ততা নিয়ে ঝিলিক বলেন, ‘এখন টিভি শো নিয়েই ব্যস্ততা চলছে। আর পড়াশোনা তো রয়েছেই। বেশ কিছুদিন আগে নাটকের একটি গান প্রকাশিত হয়েছিল। এরপর আমার নিজের সলো একটি গান প্রকাশ করেছি। নতুন কিছু গানের কাজ চলছে। তবে সেগুলো সময় নিয়ে বের করতে চাই। এটা আসলে সবাই জানে যে, আমি গান অনেকদিন পর পর বের করি। আমার কোনো তাড়াহুড়ো নেই। একটু সময় নিয়েই কাজ করতে পছন্দ করি।’
সব ধরনের গান করলেও ঝিলিকের পছন্দের তালিকায় রয়েছে রোমান্টিক গান। রোমান্টিক গান করতেই বেশি পছন্দ করেন তিনি।
প্লেব্যাকেও নিজের দ্যুতি ছড়িয়েছিলেন এই গায়িকা। প্রথম প্লেব্যাক করেন ‘সূচনা রেখার দিকে’ চলচ্চিত্রে। এরপর এখন পর্যন্ত প্রায় ১৮টি চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন তিনি। সর্বশেষ গত বছরে মুক্তি পাওয়া ‘একটি সিনেমার গল্প’ ছবিতে প্লেব্যাক করেছিলেন তিনি। এরপর আর নতুন কোনো চলচ্চিত্রের গানে দেখা যায়নি তাকে।
ঝিলিক বলেন, ‘প্লেব্যাক করতে কে না চায়! চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার মাঝে অন্যরকম একটা ভালোলাগা কাজ করে। সেখানে ছবির গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে সেই মুডে গান গাইতে হয়। যা বেশ উপভোগ করি। এখন ভালো ভালো সিনেমা হচ্ছে। আশা করি, খুব শিগগিরই নতুন কোনো চলচ্চিত্রে গাইতে পারব।’
পড়াশোনা ও গান নিয়েই ব্যস্ত থাকায় বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছেন না তিনি। তবে যখন বিয়ে করবেন, তখন ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানিয়েই করবেন বলে জানান ঝিলিক। তিনি বলেন, ‘যখন সময় হবে, তখন সবাইকে জানিয়েই বিয়ে করব। আর আমি কোনো প্রেমও করছি না। একদম সিঙ্গেল আছি। আমার মনে হয়, প্রেম ভালো, এটা নিয়ে লুকোচুরির কিছু নেই।’
রংপুরের কামাল কাছনায় জন্ম নেওয়া ঝিলিকের সংগীতে হাতেখড়ি তার বাবা এম এ জলিলের কাছে। এরপর তিনি ওস্তাদ মনীন্দ্রনাথ রায় ও বাসন্তী গোমেজের কাছে উচাঙ্গ সংগীতে তালিম নেন। তার প্রথম একক অ্যালবাম ‘আমার কী দোষ’ এবং দ্বিতীয় একক ‘ঝিলিক’।
