নবীন শিল্পীদের নিয়ে আবৃত্তি সংগঠন তারুণ্যের উচ্ছ্বাস গত ২৪ সেপ্টেম্বর জেলা শিল্পকলা একাডেমির জয়নুল আর্ট গ্যালারি মিলনায়তনে আয়োজন করে ‘কাফনে মোড়া অশ্রুবিন্দু’ শিরোনামের আবৃত্তি সন্ধ্যা। অনুষ্ঠানে শিল্পীরা আবৃত্তি করেন কবি শামসুর রাহমান, হুমায়ুন আজাদ ও সৈয়দ শামসুল হকের কবিতা। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে সংগঠনের সভাপতি ভাগ্যধন বড়ুয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, বিশিষ্ট শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া ও দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল। তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীরা ছাড়াও এতে অংশগ্রহণ করেন বোধন আবৃত্তি পরিষদ, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, অঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, স্বপ্নযাত্রী, একুশ আবৃত্তিচর্চা কেন্দ্র এবং অযান্ত্রিক বাচিক চর্চালয়ের নবীন শিল্পীরা।
