ফুটবল দল অনুশীলনে নামছে আজ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:১২

১৫ দিনের ছুটি শেষ

 স্পোর্টস রিপোর্টার

আগামী ১০ অক্টোবর ঢাকায় বাংলাদেশ কাতার মুখোমুখি হবে। ফুটবল লড়াই বাংলাদেশের বিপক্ষে কাতারের একতরফা হবে সেটা সহজেই অনুমেয়। এশিয়ান চ্যাম্পিয়ন কাতার বিশ্বকাপ ফুটবল আয়োজন করবে ২০২২ সালে। চীনে ২০২৩ সালে এশিয়ান চ্যাম্পিয়নশীপ ফুটবল। এই দুটির বাছাই একই সঙ্গে চলছে। বাংলাদেশ এরই মধ্যে রাউন্ড টু পর্বের বাছাইয়ে উত্তীর্ণ হয়ে এসেছে। গত ১০ সেপ্টেম্বর তাজিকিস্তানে আফগানিস্তানের ভেন্যুতে আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে বাংলাদেশ প্রথম খেলায় হেরেছে। কাতারে বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলার জন্য আজ হতে অনুশীলনে নামবে বাংলাদেশ। গতকাল সন্ধ্যায় ফুটবলাররা রিপোর্ট করেছেন। আজ হতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন ঝাঁপাবেন। দলের ম্যানেজার সত্যজিত দাস রুপু আজ সকালের কথা জানিয়েছেন, কোচ জেমি ডে ঢাকায় আসবেন। ২৬ ফুটবলারকে ডাকা হয়েছে প্রাথমিক ক্যাম্পে। দলে থাকবেন ২৩ জন।

১৩ দিন অনুশীলন হবে। কাতারের বিপক্ষে লড়াই হবে। বাংলাদেশ চাইছে রক্ষণভাগের সব দরজা বন্ধ রাখতে। কাতারের মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াই করে উতরে যাওয়া শুধু কঠিনই নয়, অনেক ক্ষেত্রেই অসম্ভবও। গত এশিয়ান গেমসে কাতারকে হারিয়েছিল বাংলাদেশ। জামাল ভুঁইয়ার গোলে সেই জয়টি কাতারের বিপক্ষে প্রেরণা দেবে। তবে মূল জাতীয় দলের বিপক্ষে লড়াই করে পেরে উঠা কঠিনই। এখন যে বাছাই চলছে সেখানে গ্রুপ সেরা দলটির নামও কাতার। দুই খেলায় এক জয় এবং এক ড্র রয়েছে। আফগানিস্তানকে ৬-০ গোলে হারিয়েছে। ভারতের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে। কাতারের জন্য বাংলাদেশের ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে হারিয়ে জয়ে ফেরার ছক করে রাখছেন কাতারের ফুটবলাররা। বাংলাদেশের উপর দিয়ে ঝড় যাবে সেটা ধরেই নেয়া যায়। তবে বাংলাদেশের কোচ জেমি ডে কাতারকে আটকাতে নানা পরিকল্পনা করেছেন বলে জানা গেছে। এশিয়ান গেমসে কাতারকে হারানো, কাতার এবার ভারতের বিপক্ষে ড্র করেছে। এমন অনেক কিছুই জেমির নোটবুকে টুকে নেয়া আছে। কাতারকে মোকাবিলা করতে সর্বশক্তি নিয়োগ করার পরিকল্পনা জেমির। সম্প্রতি ফিফার র্যাংকিংয়ে পাঁচ ধাপ অবনমন হয়েছে বাংলাদেশের। তিন দেশের সঙ্গে ১৮৭ নম্বরে রয়েছে বাংলাদেশ। কাতারের স্থান ৬২। এই মুহূর্তে ফিফার র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে কাতার ১২৫ ধাপ উপরে। লড়াই কেমন হবে র্যাংকিংও আভাস দিচ্ছে। তবে এই দুই দলই যে সিরিয়াস থাকছে সেটা নিশ্চিত। কাতার চায় গ্রুপ সেরা হয়ে থাকতে। বাংলাদেশ চায় সুযোগ কাজে লাগাতে। কাতার ম্যাচের প্রাপ্তিগুলো ভারতের বিপক্ষে কাজে লাগাতে চায় বাংলাদেশ। কাতার ম্যাচের চার দিনের মধ্যে বাংলাদেশ ও ভারত লড়াই, কলকাতার সল্ট লেকের মাঠে। চার দিনের ব্যবধানে দুটি ম্যাচ অথচ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর সব খেলোয়াড় গেল ছুটিতে। ১৫ দিন ছুটি কাটিয়ে আজ অনুশীলনে নামছে খেলোয়াড়রা।