ইন্দোনেশিয়ায় বিয়ের আগে যৌন সম্পর্ক অবৈধ করার বিরুদ্ধে বিক্ষোভ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:২০

 

ইন্দোনেশিয়ায় বিয়ের আগে যৌন সম্পর্ককে নিষিদ্ধ করতে নতুন একটি প্রস্তাবিত আইনের বিরুদ্ধে বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের ওপর জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।

ইন্দোনেশিয়ার সংসদের সামনে ছাড়াও অন্যান্য শহরে এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। ঐ আইন অনুযায়ী অধিকাংশ গর্ভপাত অপরাধ হিসাবে চিহ্নিত হবে এবং প্রেসিডেন্টকে অবমাননাও অবৈধ হিসেবে বিবেচিত হবে। প্রস্তাবিত বিলটি পাস হতে দেরি হলেও বিক্ষোভকারীরা মনে করছেন শেষ পর্যন্ত সংসদে বিলটি অনুমোদিত হতে পারে।

প্রস্তাবিত নতুন অপরাধ আইনে যা যা রয়েছে—বিয়ের আগে যৌন সম্পর্ক অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং শাস্তি হিসেবে এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বিয়ে ছাড়া একসঙ্গে বসবাসের ক্ষেত্রে ছয় মাস পর্যন্ত কারাদণ্ডের শাস্তি। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ধর্ম, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং জাতীয় পতাকা বা জাতীয় সংগীতের মতো প্রতীক অবমাননা অবৈধ হিসেবে বিবেচিত হবে। চিকিত্সাজনিত জরুরি অবস্থা বা ধর্ষণের পরিস্থিতি না হলে গর্ভপাতের শাস্তি সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড। প্রাথমিকভাবে মঙ্গলবার সংসদে এই বিলটির বিষয়ে ভোট হওয়ার কথা ছিল—তবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো শুক্রবার পর্যন্ত ভোট স্থগিত করেন।