প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও প্রচার উপকমিটির চেয়ারম্যান এইচটি ইমাম বলেছেন, ‘আজকের তরুণরাই আগামীর বাংলাদেশের ভবিষ্যত্। তাই তোমরা যারা তরুণ দেশকে ভালোবাস, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করো, তারা কখনো ভুল করবে না। তরুণরাই বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাবে।’ মঙ্গলবার রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘গৌরবের অভিযাত্রায় ৭০ বছর, তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণরা বিভিন্ন বিষয়ে অতিথিদের প্রশ্ন করেন, অতিথিবৃন্দ ঐসব প্রশ্নের উত্তর দেন।
এইচটি ইমাম বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল, ভবিষ্যত্ বাংলাদেশ কেমন হবে। ভবিষ্যতের সেই ডিজিটাল বাংলাদেশ এখন আমরা দেখতে পাচ্ছি। তিনি বলেন, তরুণরা তারুণ্যদীপ্ত। বঙ্গবন্ধু, নেতাজী সুভাস চন্দ্র বসুর জীবনী পড়লে আমরা জানতে পারি তারা তরুণ বয়সে নেতৃত্ব দিয়েছেন। তবে চিন্তাভাবনা যদি সতেজ হয়, তবে তুমি সব সময় তরুণ।
