বিলাসবহুল গাড়ির তথ্য চেয়ে বিআরটিএকে দুদকের চিঠি

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৮

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কাছে আড়াই হাজার বা তার বেশি অশ্বশক্তিসম্পন্ন (সিসি) ব্যক্তি মালিকানাধীন প্রাইভেট কার বা জিপ গাড়ির  তালিকা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের বিশেষ তদন্ত অনুবিভাগের মহাপরিচালক (বিশেষ তদন্ত) আ ন ম ফিরোজ গতকাল বুধবার বিআরটিএ চেয়ারম্যানের কাছে এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন। প্রসঙ্গত, এর আগে গত বছরের ২৮ জুনও একই বিষয়ে বিআরটিএ চেয়রম্যানকে আরো একবার চিঠি পাঠিয়েছিল দুদক।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য্য জানিয়েছেন মহাপরিচালক আ ন ম আল ফিরোজ স্বাক্ষরিত ঐ পত্রের মাধ্যমে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যারের নিকট বিগত পাঁচ বছরে বিআরটিএ কর্তৃক রেজিস্ট্রেশনকৃত ২ হাজার ৫০০ বা তদূর্ধ্ব অশ্বশক্তিসম্পন্ন ব্যক্তি মালিকানাধীন প্রাইভেট কার বা জিপগাড়ির তালিকা চাওয়া হয়েছে। একই সঙ্গে ঐ সব গাড়ির বিবরণ অর্থাত্ ইঞ্জিন নম্বর/চেসিস নম্বর/মডেল, আমদানির সাল, গাড়ির প্রকৃতি, রেজিস্ট্রেশন নম্বর ও তারিখ, গাড়ির মূল্য, ভ্যাটসহ অন্যান্য ট্যাক্স এবং গাড়ির মালিকের নাম ও ঠিকানা দুদকের কাছে দেওয়ার জন্য ঐ চিঠিতে বলা হয়েছে।