‘স্বচ্ছ ভারত’ প্রকল্পের জন্য আন্তর্জাতিক পুরস্কার পেলেন মোদি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:২৯

২০১৪ সালে শুরু করা ‘স্বচ্ছ ভারত' প্রকল্পের জন্য স্বীকৃতি পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘গোলকিপার গ্লোবাল গোলস অ্যাওয়ার্ড’ পেলেন তিনি। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ওই পুরস্কার প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের উদ্যোগে এই পুরস্কার দেওয়া হয়।

নরেন্দ্র মোদি জানিয়েছেন, ‘মহাত্মা গান্ধীর স্বপ্নের ‘স্বচ্ছ ভারত’ এখন সত্যি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে, এই প্রকল্পের ফলে তিন লাখ মানুষ রোগের প্রকোপ থেকে বেঁচেছেন। এমন এক প্রকল্প যার কথা কখনো শোনা যায়নি। মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকীতে এই পুরস্কার প্রাপ্তি আমার কাছে ব্যক্তিগত প্রাপ্তি। ১৩০ কোটি মানুষ যখন প্রতিজ্ঞা করেন, সব চ্যালেঞ্জেরই মোকাবিলা করা যায়’। ২০১৪ সালের অক্টোবরে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে এই ‘স্বচ্ছ ভারত’ প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী মোদি। লক্ষ্য ছিল দেশজুড়ে কঠিন ও তরল বর্জ্য থেকে মুক্ত পরিচ্ছন্নতা। পাশাপাশি খোলা জায়গায় মল ত্যাগ আটকানোও এই প্রকল্পের অন্তর্ভূক্ত ছিল।