গাজীপুরে বুধবার রাতে ঘরের ভেতর ঢুকে দম্পতিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ বৃহস্পতিবার সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করেছে।
নিহতরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানার বসুগাঁও এলাকার আবুল কালাম (৪০) ও তার স্ত্রী পুতুল বেগম (২৮)। কালাম ওই এলাকার মৃত তারা মিয়ার ছেলে।
জানা যায়, কালাম ও তার স্ত্রী পুতুল রাতে ঘরে শুয়েছিলেন। কে বা কারা তাদের কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয়রা বৃহস্পতিবার সকালে লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
পূবাইল থানার এসআই মো. নূরুজ্জামান জানান, নিহত দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
