রোদ উঠেছে ঝকমকিয়ে
একটু পরে বৃষ্টি
শীতল হাওয়া বইছে ধীরে
আহা কী যে মিষ্টি!
আকাশজুড়ে ভাসছে মেঘ
উড়ছে যেন তুলো
আবার মনে হয়, ছড়ানো
শেফালি ফুলগুলো।
ফুল নয় রে ফুল নয় রে
মেঘের আনাগোনা
মেঘের ফাঁকে রংধনুটা
আলোর সুতায় বোনা।
নদীর তীরে খুশির দোলায়
দুলছে কাশের কেশ
এই শরতে সাদায় সাদায়
সাজল বাংলাদেশ।
