‘শিল্পের সাথে সৃষ্টির গল্প’

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৫

স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে শুরু করে স্বাধীনতা লাভের পর প্রায় পঞ্চাশ বছরে সংগীত জগতের এই পথচলায় যাদের অবদান আমাদের পাথেয় হয়ে আছে তাদের উপস্থিতিতে শিল্পী ও শিল্প সৃষ্টির গল্প নিয়ে ভিন্নধর্মী গবেষণামূলক অনুষ্ঠান ‘সৃষ্টি সুখের উল্লাসে’। অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য ‘শিল্পের সাথে সৃষ্টির গল্প’।

এখানে বিভিন্ন সংগীতশিল্পী আমন্ত্রিত হবেন এবং শিল্পের সঙ্গে তাদের সৃষ্টির যে গল্প এবং সেই শিল্পের পরিবেশনায় এগিয়ে যাবে অনুষ্ঠান। পাশাপাশি বর্ণাঢ্য সংগীত জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তির কথা বলবেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানের এবারের পর্বে তিথি হয়েছেন প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী ও শিক্ষক রেজওয়ানা চৌধুরী বন্যা। এদেশে রবীন্দ্রসংগীতের এক উজ্জ্বল নক্ষত্র রেজওয়ানা চৌধুরী বন্যা। বিংশ শতাব্দির শেষভাগে আবির্ভূত একজন প্রথিতযশা রবীন্দ্রসংগীতশিল্পী হিসেবে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে সমাদৃত।

সংগীতের প্রতি ভালবাসা, সুরের মায়া তাকে প্রতিষ্ঠিত করেছে এক শ্রুতিমাধুর্যপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে। তার সংগীত জীবনের যত কথা এবং সংগীতের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন এই অনুষ্ঠানে।

অনুষ্ঠানে তিনি শুধু রবীন্দ্রসংগীতই গাননি, পাশাপাশি গেয়েছেন অতুল প্রসাদ ও দ্বিজেন্দ্রলাল রায়ের গান। তাকে নিয়ে কথা বলেছেন কিংবদন্তী শিল্পী খুরশীদ আলম ও রবীন্দ্রসংগীতশিল্পী অণিমা রায়। কবি ও উপস্থাপক রেজাউদ্দিন স্টালিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাইফুল ইসলাম সাইফ। অনুষ্ঠানটি আজ রাত ৯টায় জিটিভিতে প্রচার হবে।