দীর্ঘদিন যাবত্ রেলওয়ে পশ্চিম জোনের আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেল স্টেশনের সংস্কার না হওয়ায় যাত্রীদের নানা দুর্ভোগের শিকার হতে হচ্ছে। প্ল্যাটফরমের ওপর অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য দোকান। বর্তমানে প্ল্যাটফরমের বেশিরভাগ জায়গা চলে গেছে এসব দোকানিদের দখলে।
সরেজমিনে দেখা গেছে, প্ল্যাটফরমের এক প্রান্ত থেকে শুরু করে অপর প্রান্ত পর্যন্ত ঠাসাঠাসি করে দোকান গড়ে ওঠায় যাত্রীরা প্ল্যাটফরমে ঠিকমতো দাঁড়াতেও পারেন না। বসার জন্য নেই কোনো জায়গা। ১৯২৭ সালে প্রতিষ্ঠিত এ স্টেশনে প্রথম শ্রেণির যাত্রীদের বসার কক্ষটি বহু বছর আগে থেকেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। স্টেশনে ব্যক্তি উদ্যোগে একটি শৌচাগার থাকলেও সেটি স্বাস্থ্যসম্মত নয়।
এছাড়া স্টেশনে কোনো টিউবওয়েল না থাকায় যাত্রীরা পানীয়জল সংকটে ভোগেন। স্টেশনের টিনের ছাউনিতে বড়ো বড়ো ছিদ্র হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই যাত্রীদের ভিজতে হয়। আর স্টেশনের বেশিরভাগ বৈদ্যুতিক বাতি নষ্ট, রাতে যাত্রীদের অন্ধকারে নিরাপত্তাহীনভাবে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়। এসব কারণে যাত্রীরা দারুণ দুর্ভোগ পোহান।
স্টেশন মাস্টার মো. সাইফুল ইসলাম বলেন, অবৈধ দোকান এবং স্টেশনটি সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাকে একাধিকবার বলা সত্ত্বেও কোনো ফল হয়নি।
