ভোলায় বাল্যবিবাহ বন্ধে এলাকাবাসীর শপথ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৬

বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে ভোলার সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের (চৌমহনী) এলাকার কয়েক শতাধিক নারী-পুরুষ, কিশোর-কিশোরী শপথ গ্রহণ করে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট-এর সমন্বিত শিশুবিবাহ প্রতিরোধ কার্যক্রম (আইইসিএম) প্রকল্পের আওতায় এই শপথ ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা করা হয়। বুধবার বিকালে উত্তর আলী নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনতার শপথ ও বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এই শপথ নেয়। এ সময় শপথবাক্য পাঠ করান আলী নগর ইউনিয়নের চেয়ারম্যান বশীর আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর মডেল থানার (ওসি অপারেশন) রিপন কুমার সাহা, আইইসিএম প্রকল্পের উপজেলা টেনিং এন্ড মনিটরিং অফিসার জিয়া উদ্দিন, অ্যাডভোকেসি অ্যান্ড মিডিয়া অফিসার আদিল হোসেন, সমাজকর্মী মরিয়ম বেগম, সিবিসিপিসি কমিটির সদস্য হরিহর চন্দ্র দাশ, মো. শাহীন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বাল্যবিবাহ দেশ ও জাতির জন্য অভিশাপ। বাবা-মার অসচেতনতামূলক দায়দায়িত্ব থেকে মুক্ত হওয়ার বাসনা এই বাল্যবিবাহে ধ্বংস হয় একটি পরিবার, একটি সমাজ, সর্বোপরি একটি রাষ্ট্র। আর বর্তমান পৃথিবী হারাচ্ছে আগামীর পৃথিবীকে এবং দেশ হারাচ্ছে উন্নয়নশীল দেশ গড়ার হাতিয়ারগুলো। তাই আগামী প্রজন্মকে সুস্থ জাতি হিসাবে গড়ে তুলতে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বাল্যবিবাহমুক্ত সমাজ গড়তে শপথ নিওয়ার আহ্বান জানায়।